পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘের ডাসার উপজেলা শাখা। এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘের ডাসার উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানজিল পারভেজ বলেন, বসুন্ধারা শুভ সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।তারই অংশ হিসেবে ডাসার উপজেলায় বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”বসুন্ধারা শুভ সংঘের সাফল্য কামনা করছি।
বসুন্ধরা শুভসংঘের ডাসার উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, “বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করাই আমাদের ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন মৃধা বলেন, “বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে ডাসার উপজেলা শাখার উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমি সবাইকে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হুদা, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান, উপজেলা আনসার কর্মকর্তা মো. হাসিবুল হাসান শারদ,শিক্ষক রফিকুল ইসলাম, ইউপি সদস্য শরীফ জাহিদুর ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, মামুন সরদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ডাসার উপজেলাকে আরও সবুজ করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।





