সাইবার অপরাধ দমনে পৃথক পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট সংসদীয় কমিটি

সাইবার অপরাধ দমনে পৃথক পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট সংসদীয় কমিটি
পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে সাইবার অপরাধ মোকাবিলায় পৃথক ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দিয়েছে কমিটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির পঞ্চম বৈঠকে এসব বিষয় আলোচনা করা হয়।

বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত বিভিন্ন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন করা হয়। পাশাপাশি দুই বছরের তৃতীয় প্রান্তিক—জুলাই থেকে সেপ্টেম্বর মাসের অপরাধসংক্রান্ত তথ্যও পর্যালোচনা করা হয়।

উপস্থাপিত তথ্যে ডাকাতি, দস্যুতা, হত্যা, দ্রুত বিচার আইনের আওতাভুক্ত অপরাধ, দাঙ্গা, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, সিঁধেল চুরি, পুলিশের ওপর হামলা, অস্ত্র ও বিস্ফোরক, মাদকদ্রব্য এবং চোরাচালানসংক্রান্ত অপরাধের চিত্র তুলে ধরা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে সন্তোষ জানান কমিটির সদস্যরা।

বৈঠকে দেশজুড়ে মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং এবং সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

আধুনিক অপরাধের ধরন ও বিস্তার বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেয় স্থায়ী কমিটি। এ জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার এবং অপরাধ দমনে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রম ও সাম্প্রতিক অগ্রগতির তথ্য তুলে ধরেন।

বৈঠকে কমিটির সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।