দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রস্তুত ২০০ বাস

দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রস্তুত ২০০ বাস
দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, প্রস্তুত ২০০ বাস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু থাকবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২২টি বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি এবং বাস রিজার্ভের ব্যবস্থা থাকবে।

বিশেষ এই সার্ভিসের আওতায় ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে বাস চলাচল করবে।

বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা—উভয় ধরনের বাস সার্ভিস চালু থাকবে। যাত্রীদের চাহিদা বাড়লে প্রয়োজনে বাসের সংখ্যাও বাড়ানো হবে।

এদিকে বিশেষ বাস সার্ভিস পরিচালনার জন্য রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।

সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বা প্রয়োজনে বিআরটিসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের টেলিফোন নম্বর ০২৪১০৫৩০৪২। এ ছাড়া ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯ নম্বরে মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।