খুলনার পাইকগাছায় অবৈধ ইজারা বাতিল ও বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবির প্রতি সংহতি জানিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার বাইপাস সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, অবৈধ ইজারা ও বেআইনি দখল উচ্ছেদের নামে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাঁরা এ পরিস্থিতির অবসান এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যায়সংগত সমাধানের দাবি জানান।
খবর পেয়ে জেলা ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরিদর্শনকালে এস এম মনিরুল হাসান বাপ্পী ও সংসদ সদস্য ফাহমিদা হক ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করে কোনো অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভুক্তভোগীদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য শেখ বেনজীর আহমেদ লাল ও সরদার ফারুক আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, জাসাসের সভাপতি সায়েদ আলী বাবলা, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গোলাম মোস্তফা, কাজী সোহাগ, সাফায়েত হোসেন, জবেদ আলী গাজী ও মাহাবুবুর রহমান খোকনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ভুক্তভোগী বাসিন্দারা।
নেতৃবৃন্দের আশ্বাসের পর আন্দোলনকারীরা তাঁদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।





