পাইকগাছার ১৫১ মন্দিরে সরকারি অনুদান, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ফাহমিদা হকের

পাইকগাছার ১৫১ মন্দিরে সরকারি অনুদান, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান ফাহমিদা হকের
পাইকগাছায় দুর্গাপূজার সরকারি অনুদান

খুলনার পাইকগাছা উপজেলায় ১৫১টি দুর্গাপূজা মন্দিরে সরকারি আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোর মধ্যে সরকারি অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাহমিদা হক বলেন, এ দেশের সবাই নাগরিক এবং সবার পরিচয় বাংলাদেশি। অতীতের মতো এবারও হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির পাশে ছিলেন এবং দলটির প্রতি সমর্থন দিয়েছেন। তাঁদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। সবাই যেন আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে নিজেদের ধর্মীয় উৎসব পালন করেন।

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা নিজ নিজ নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন। উৎসবের আনন্দ যাতে কেউ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দেশে উগ্রবাদী গোষ্ঠী ও গুপ্ত বাহিনীর তৎপরতা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ সবার। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় বিএনপি কাজ করবে।

সরকারি কর্মকর্তা মো. জাকারিয়া অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির নেতা আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্যসচিব হিমাদ্রি শেখর দে এবং পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডলসহ অন্যরা।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কমিটির সদস্যসচিব এসএম ইমদাদুল হক, সরকারি কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতারা, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।