সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। তিনি বলেছেন, কোনো অপশক্তি যেন দুর্গাপূজার আনন্দ নষ্ট করতে না পারে, সে জন্য মন্দির কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে খুলনার কয়রা উপজেলা অডিটোরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতে আর্থিক সহায়তা প্রদান এবং খুলনা জেলা পরিষদের সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।
ফাহমিদা হক বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী। দলটি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস করে। ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা সত্ত্বেও সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়তে হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কয়রা-পাইকগাছা অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী তাঁকে ৫০ কোটি টাকা দিয়েছেন। পর্যায়ক্রমে আরও বরাদ্দ এনে এ অঞ্চলের উন্নয়ন ও আধুনিকায়নে কাজ করবেন তিনি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দিরগুলোর জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা অব্যাহত থাকবে। খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে উৎসব উদযাপনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে কয়রা উপজেলার দুর্গাপূজা মন্দিরগুলোর জন্য আর্থিক সহায়তা এবং ৫৪টি আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। এ সময় খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান ও মনিরুজ্জামান বেল্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পূজা উদযাপন কমিটির নেতারা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





