ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে প্রশিক্ষণ দেওয়া হবে: কৃষিমন্ত্রী

ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে প্রশিক্ষণ দেওয়া হবে: কৃষিমন্ত্রী
ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে প্রশিক্ষণ দেওয়া হবে

দেশের ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, বিশেষ করে বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ এবং বছরব্যাপী কৃষি উৎপাদন অব্যাহত রাখার বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আজ কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নিরাপদ কৃষিতে ইমাম-মুয়াজ্জিনদের সম্পৃক্ততার আহ্বান

কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি গ্রামেই মসজিদ রয়েছে এবং এসব মসজিদের সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনরা যুক্ত। তাঁরা যদি আধুনিক ও বিষমুক্ত কৃষি উৎপাদনে অংশ নেন, তাহলে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি গ্রামের মানুষকেও নিরাপদ খাদ্য উৎপাদনে উৎসাহিত করতে পারবেন।

আরও পড়ুনঃ চট্টগ্রাম থেকে ডিমান্ড-বেসড প্রশিক্ষণের পাইলট কার্যক্রম শুরু হবে

তিনি বলেন, কৃষিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনের দিকে গুরুত্ব দিতে হবে। অতীতে কৃষকেরা রাসায়নিক উপকরণের ব্যবহার ছাড়াই নানা ধরনের ফসল উৎপাদন করতেন। সেই অভিজ্ঞতার সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সরকারের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণের কল্যাণে কাজ করা এবং সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করা। এ দায়িত্ব পালনে সরকারের উদ্যোগের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।

আরও পড়ুনঃ খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টা যাতে সফল না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ

তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি সমাজে অন্যায় ও মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

অনুষ্ঠানের পর মন্ত্রী তৃতীয় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী হাফেজ শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও স্মারক তুলে দেন।

হাফেজ মাওলানা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।