আগামী ৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ
আগামী ৮ থেকে ২৯ অক্টোবর সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

মা ইলিশের নিরাপদ প্রজনন ও টেকসই বংশবৃদ্ধির লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি’র সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, নিষিদ্ধ সময়কালে সারাদেশে ইলিশ আহরণের পাশাপাশি যেকোনো উপায়ে ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। সারাদেশে পরিচালিত হবে বিশেষ মা ইলিশ সংরক্ষণ অভিযান। এ সময় ইলিশ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল সহায়তা প্রদান করা হবে।

সভাপতির বক্তব্যে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন অব্যাহত রাখতে মা ইলিশ সুরক্ষায় কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। বরিশাল, ভোলা ও চাঁদপুরের মতো মূল প্রজনন হটস্পটগুলোতে নৌপুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও জেলা প্রশাসনের মাধ্যমে সমন্বিত কঠোর নজরদারি নিশ্চিত করা হবে। প্রয়োজনে যৌথ অভিযানের সুবিধার্থে অতিরিক্ত লজিস্টিকস ও নৌযান সরবরাহ করা হবে।”

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, “ইলিশ আমাদের জিআই পণ্য। কেন উৎপাদন ব্যাহত হচ্ছে তা বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে চিহ্নিত করে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কারেন্ট জালসহ যেকোনো নিষিদ্ধ জালের উৎপাদন ও বিক্রি পুরোপুরি বন্ধের তাগিদ দেন তিনি।”

জাতীয় টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ এই বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মীর হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম সহ মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, র্যাব ও বিভিন্ন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।