১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব

১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব
১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন

ঢাকা: সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর করা, গ্রামীণ উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে নেওয়া উদ্যোগগুলোর বাস্তব অগ্রগতি তথ্যভিত্তিকভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম ১৮০ দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনগণের জীবনমান উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর করা, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, এসব উদ্যোগের বাস্তব অগ্রগতি এবং জনগণের জীবনে ইতিবাচক প্রভাব যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং জনজীবনের উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মীর শাহে আলম বলেন, সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। এজন্য মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর অর্জন, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তব তথ্যের ভিত্তিতে উপস্থাপন করার নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধে গৃহীত কার্যকর পদক্ষেপগুলোও সরকারের ১৮০ দিনের অর্জনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা উচিত। জনকল্যাণভিত্তিক উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই সরকারের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ দর্শনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী ঢাকা মহানগরীসহ সারা দেশের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সমন্বিত ও টেকসই করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা সরাসরি এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সভায় ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।