লিভার পরিষ্কারের ওষুধ খাওয়া কি প্রয়োজন?

স্বাস্থ্য ডেস্ক: রোমানদের বদ্ধমূল বিশ্বাস ছিল, খারাপ বা অসুস্থ ইউটেরাস বা জরায়ু হচ্ছে হিস্টিরিয়া রোগের কারণ। যদিও পরবর্তীতে এবং এখন হিস্টিরিয়া মেয়েদের একটি মানসিক রোগ হিসেবে চিহ্নিত, এর সঙ্গে জরায়ুর অসুস্থতার কোনো সম্পর্কই নেই। এ রকম অনেক ভুল বিশ্বাস প্রাচীন সে যুগে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রচলিত ছিল।

শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে সেইসব ভুল ধারণার কিছু কিছু এখনো চালু আছে আজকের এই কম্পিউটারের যুগেও। সমাজের অনেক জ্ঞানী লোকদের মুখেও মাঝেমধ্যে উচ্চারিত হতে শোনা যায় সেইসব ভ্রান্ত তত্ত্ব এবং যুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা অবৈজ্ঞানিক তথ্যগুলো।

যেমন শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার সম্পর্কে আলোকপাত করা যাক। লিভার খাদ্য এবং ওষুধের বিপাকে অংশগ্রহণ করে সে সবের বিষাক্ত উপাদান শরীর থেকে বের করে দেয়। কিন্তু লিভার নিজেই মাঝেমধ্যে বিষাক্ত হয়ে পড়ে। ফলে লিভার পরিষ্কার করা প্রয়োজন- জল্পনাপ্রসূত এই ধারণার ওপর ভিত্তি করে কোটি কোটি টাকার ব্যবসা চলছে সারা পৃথিবীতে।

পরিচ্ছন্ন লিভার অভিযানের অভিযাত্রী এই ব্যবসায়ীরা সাধারণের মনে বিভিন্ন কৌশলে বৈজ্ঞানিক ভিত্তির আদলে যে ধারণা ঢুকিয়ে দেন সেটি হলো- আপনার লিভার প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে একে পরিষ্কার রাখা প্রয়োজন। সেই সঙ্গে লিভার পরিষ্কারের জন্য ভিটামিন এবং সর্বগুণ সমৃদ্ধ ও সর্বদোষমুক্ত বিভিন্ন হার্বাল ওষুধের পক্ষে এমনভাবে যুক্তি উপস্থাপন করা হয় যাতে সাধারণ মানুষ খুব সহজেই এসব উপাদানের ওপর বিশ্বাস স্থাপন করে। যদিও এগুলোর কোনোটাই সত্যি নয়। ভিটামিন-এ ছাড়া কোনো কিছুই লিভার জমা রাখে না। বিপাকক্রিয়ার মাধ্যমে কোনো উপাদান লিভার দূষণমুক্ত করতে না পারলে শরীর থেকে সেটি বের করে দেয়ার চেষ্টা করে।

তৃষ্ণা নিবারণ প্রসঙ্গে সাম্প্রতিককালের একটি প্রচলিত ধারণা হচ্ছে, অক্সিজেন ফর্টিফাইড ড্রিংকস্। অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ পানীয় শরীরের অক্সিজেনের ঘাটতি পূরণে সাহায্য করে। কিন্তু কথা হচ্ছে পানীয়র সঙ্গে মিশ্রিত অক্সিজেন শরীরে কতটুকু অক্সিজেনের জোগান দিতে সক্ষম? অবাক করার মতো না হলেও খুব সাধারণ একটি তথ্য হচ্ছে, স্বাভাবিক শ্বাস গ্রহণের মাধ্যমেই আপনি সবচেয়ে বেশি অক্সিজেন শরীরের জন্য গ্রহণ করতে পারেন। রক্ত প্রবাহে অক্সিজেন পৌঁছার দ্রুত ও সহজতম পথ হচ্ছে ফুসফুস, পাকস্থলী নয়। কাজেই যতই অক্সিজেন সমৃদ্ধ পানীয় গ্রহণ করা হোক না কেন তা কখনোই স্বাভাবিক শ্বাসের মাধ্যমে গ্রহণ করা অক্সিজেনের চেয়ে বেশি পরিমাণ অক্সিজেন রক্ত প্রবাহে সরবরাহ করতে পারবে না। একটি গভীর শ্বাস যে পরিমাণ অক্সিজেন রক্তে সরবরাহ করে সেই পরিমাণ অক্সিজেন পানীয়র মাধ্যমে গ্রহণ করতে হলে আপনাকে অন্তত প্রতি ৩০ সেকেন্ডে ১লিটার অক্সিজেন সমৃদ্ধ পানীয় গ্রহণ করতে হবে। আপনি কি সেটা পারবেন!

অক্সিজেন সমৃদ্ধ পানীয় বিষয়ক এই তথ্যের প্রবক্তারা অযথাই শরীরে অক্সিজেন সরবরাহ করার জন্য এতটা চিন্তিত। সুখের কথা হচ্ছে শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখার জন্য শতভাগ খাঁটি অক্সিজেনেরও দরকার নেই। প্রয়োজন নির্মল বাতাসে স্বাভাবিক মাত্রার অক্সিজেন। প্রতিটি শ্বাসের সাথে আমরা যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি তা খুব সহজেই রক্তের হিমোগ্লোবিন (রক্তে এই হিমোগ্লোবিনই অক্সিজেন বহন করে) পুরোপুরি সম্পৃক্ত করতে সক্ষম। দেখা গেছে সমৃদ্র পৃষ্ঠে প্রতিটি স্বাভাবিক শ্বাসে আমরা যে বাতাস গ্রহণ করি সেই বাতাসে অক্সিজেনের পরিমাণ শতকরা ১৮ ভাগ। এই ১৮ ভাগ অক্সিজেনই আমাদের রক্তের হিমোগ্লোবিনকে প্রায় পুরোপুরি সম্পৃক্ত করে রক্ত প্রবাহে চলে যায়। দেখা গেছে একজন সুস্থ এবং অধূমপায়ী ব্যক্তি নির্মল বাতাসে ৩ থেকে ৪ বার গভীর শ্বাস গ্রহণের মাধ্যমে রক্তে অক্সিজেনের শতভাগ উপস্থিতি অর্জন করতে পারেন। সুতরাং অক্সিজেন সমৃদ্ধ ড্রিঙ্কস মোটেই জরুরি কিছু নয় এবং একইভাবে লিভার পরিষ্কারের ওষুধের ক্ষেত্রেও এটা বলা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।