দেশে হাম পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ল্যাব-পরীক্ষায় নিশ্চিত ১ জনের মৃত্যু হয়েছে এবং হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ৪ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১০ এপ্রিল থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে হাম ও হাম-সংক্রান্ত জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।
চিকিৎসকরা শিশুদের সময়মতো হামের টিকা প্রদান এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলেই দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন।





