বাংলাদেশের পর্যটন খাতের বহুমাত্রিক সম্ভাবনাকে কাজে লাগাতে সুপরিকল্পিত, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা উল্লেখ করে মন্ত্রী সাচিং প্রু বলেন, “রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়, বন, লেক, প্রাকৃতিক ঝরনা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা কেন্দ্র করে ইকো-ট্যুরিজম ও অ্যাডভেঞ্চার পর্যটনের অসীম সম্ভাবনা রয়েছে।
পর্যটন উন্নয়নে স্থানীয় পাহাড়িবাসী জনগোষ্ঠীকে সরাসরি সম্পৃক্ত করা প্রয়োজন, যাতে উন্নয়নের সুফল তারা সরাসরি পান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও উন্নত পরিকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে শক্তিশালী সমন্বয় নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। সমাপনী পর্বে মেলায় অংশগ্রহণকারী সেরা দেশি-বিদেশি স্টল ও পর্যটন উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।





