বিনিয়োগ ও খাল খননে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ: মাহদী আমিন

বিনিয়োগ ও খাল খননে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ: মাহদী আমিন
বিনিয়োগ ও খাল খননে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ: মাহদী আমিন

বাংলাদেশে ডাচ বিনিয়োগ বৃদ্ধি, ২০ হাজার কিলোমিটার খাল খনন, ব্লু ইকোনমির বিকাশ এবং তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (১২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার স্টিভেন কোলেট। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় নেদারল্যান্ডসের পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

বাংলাদেশে ডাচ বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

বৈঠকে বাংলাদেশে নেদারল্যান্ডসের বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও নীতিগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। কৃষি, বস্ত্রশিল্প, দক্ষ মানবসম্পদ তৈরি, খাদ্যনিরাপত্তা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাও তুলে ধরা হয়।

আলোচনায় বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে আম রপ্তানি এবং বাংলাদেশে ডাচ আলুর জাতের সফল ব্যবহারের বিষয়টি উঠে আসে। পাশাপাশি ব্লু ইকোনমি, জাহাজ নির্মাণশিল্প এবং নেদারল্যান্ডসের বিভিন্ন কারখানায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ নিয়েও কথা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অগ্রাধিকারমূলক উন্নয়ন পরিকল্পনাগুলো ডাচ প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন মাহদী আমিন।

২০ হাজার কিলোমিটার খাল খননে প্রযুক্তিগত সহায়তা

নদী ও খাল সংস্কারের অংশ হিসেবে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়। একই সঙ্গে তিস্তা ব্যারেজ ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞ সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও কর্মসংস্থান খাতের উন্নয়ন নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। শিক্ষক প্রশিক্ষণ, যুগোপযোগী পাঠ্যক্রম তৈরি, শিল্পপ্রতিষ্ঠান ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং বহুভাষিক শিক্ষা কার্যক্রমের আওতায় তৃতীয় ভাষা হিসেবে ডাচ ভাষা অন্তর্ভুক্তির উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন মাহদী আমিন।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা

পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি খাতের রূপান্তরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা তুলে ধরা হয় বৈঠকে।

এ ছাড়া আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের জাতীয় মহাপরিকল্পনার বিষয়টিও আলোচনায় আসে। প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সুরক্ষায় ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ সম্পর্কেও ডাচ প্রতিনিধিদলকে জানানো হয়।

গণতন্ত্র, মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা

বৈঠকে মাহদী আমিন জানান, বর্তমান সরকার গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। সংসদে কার্যকর আলোচনা, বিরোধী দলের মতপ্রকাশের সুযোগ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংসদীয় কমিটির মাধ্যমে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং টেকসই উন্নয়ন বিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।