বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদার এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এর আওতায় দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে যানবাহন পার্কিং, দর্শনার্থী পাস প্রদান, বিদেশি অতিথিদের নিবন্ধন এবং ভবনভিত্তিক প্রবেশ নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
গত ৪ অক্টোবর সচিবালয়ের নিরাপত্তা জোরদার নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সচিবদের পাশাপাশি পুলিশ মহাপরিদর্শকও উপস্থিত ছিলেন। সভার কার্যবিবরণী থেকে সিদ্ধান্তগুলোর বিষয়টি জানা গেছে।
সচিবালয়ের নিরাপত্তায় সরকারের ৯ সিদ্ধান্ত
১. যানবাহন চলাচলে নজরদারি: সচিবালয় প্রাঙ্গণে গাড়ি প্রবেশ, অবস্থান ও পার্কিংয়ের নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা পুলিশ নিয়মিত পর্যবেক্ষণ করবে। কোনো অনিয়ম দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২. পার্কিং স্টিকার বাধ্যতামূলক: যানবাহনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ পার্কিং স্টিকার চালু করা হবে। অনুমোদিত স্টিকার ছাড়া কোনো গাড়ি সচিবালয় চত্বরে পার্ক করা বা অবস্থান করতে পারবে না।
৩. দর্শনার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ: সচিবালয়ে আসা দর্শনার্থীদের চলাচল ও কার্যক্রম নিয়মিত তদারক করবে পুলিশ।
৪. পৃথক প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা: ১ নম্বর ভবনসহ সচিবালয়ের অন্যান্য ভবনে কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিদের প্রবেশাধিকার যাচাইয়ে পৃথক অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
৫. রাতে অবস্থানে অনুমতি প্রয়োজন: সচিবালয় প্রাঙ্গণে রাতে কোনো কর্মকর্তা-কর্মচারী বা অননুমোদিত ব্যক্তি অবস্থান করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে রাতে থাকতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগাম অনুমোদন নিতে হবে।
৬. বিদেশি দর্শনার্থীদের নিবন্ধন: বিদেশি অতিথিদের জন্য পৃথক নিবন্ধনব্যবস্থা চালু করা হবে। তাঁদের পরিচয়, আসার উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তর এবং প্রবেশ ও বের হওয়ার তথ্য সংরক্ষণ করতে হবে।
৭. দর্শনার্থী পাসের সংখ্যা নির্ধারণ: মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস দিতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং অন্যান্য সিনিয়র সচিব ও সচিব সর্বোচ্চ পাঁচটি পাস দিতে পারবেন। অতিরিক্ত সচিব তিনটি এবং যুগ্মসচিব দুটি পাস দিতে পারবেন। তবে দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।
৮. বদলির পর স্থায়ী পাস বাতিল: কোনো কর্মকর্তা-কর্মচারীর বদলির আদেশ কার্যকর হওয়ার সাত দিন পর তাঁর নামে ইস্যু করা স্থায়ী পাস স্বয়ংক্রিয়ভাবে বাতিল করতে হবে।
৯. সংসদ সদস্যদের গাড়িতে প্রবেশের নিয়ম: সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশের সময় সঙ্গে শুধু ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে নিতে পারবেন। তাঁদের পরিচয় ও অনুমোদন যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, যানবাহনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং দর্শনার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





