দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বমোট ১ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের।
একই সময়ে নতুন করে আরও ৫২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৯৫ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৫ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ পরিলক্ষিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম সংক্রমিতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম সন্দেহে মোট ১ লাখ ৫৬ হাজার ৭১৮ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।





