সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী
সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত

দেশের প্রতিটি নাগরিকের জন্য সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্রা এলাকায় ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কেবলমাত্র নতুন প্রকল্প গ্রহণ করলেই উন্নয়ন সম্ভব নয়, মূল লক্ষ্য হতে হবে তা যথাসময়ে বাস্তবায়ন করা।

প্রকল্প বাড়িয়ে বাস্তবায়ন ধীরগতির হলে জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত হয় না। তাই নতুন প্রকল্পের পেছনে না ছুটে বিদ্যমান চলমান প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। এতে রাষ্ট্রের সময় ও আর্থিক অপচয় কমবে এবং সাধারণ মানুষ দ্রুত এর সুফল পাবে।”

মানিকগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় নিরবচ্ছিন্ন ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ অনিক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খানসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাটুরিয়ায় স্থাপিত পানি সরবরাহ অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাসিয়ালি কৃষ্টপুর ও কান্দাপাড়া এলাকায় স্থানীয় উপকারভোগী জনসাধারণের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।