প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে জাপানি বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং কর্মসংস্থান বাড়াতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। এ সময় তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মারুবেনি কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের পাটজাত পণ্যের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। প্রতিনিধিদলের সদস্যরাও বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান।
বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। প্রকৌশল বিষয়ে স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তোলার সরকারি পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা ও প্রতিযোগিতামূলক সেবার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ ছাড়া আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ প্রকল্পে মারুবেনি কর্পোরেশনের আগ্রহ এবং সম্ভাব্য বিনিয়োগের বিষয়টিও উঠে আসে।
কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন বৈঠকে অংশগ্রহণকারীরা। এ ক্ষেত্রে মারুবেনি কর্পোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়।
সার উৎপাদন খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনি কর্পোরেশনের বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের সম্ভাবনা নিয়েও কথা হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।
মারুবেনি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।





