দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সঠিক তথ্যদাতাকে কোনো ধরনের আইনি জটিলতায় না ফেলে সরকারি নিয়ম অনুযায়ী পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছে বিশেষ এই বাহিনী।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি ফোর্সেস সদর দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ও এসআরবির যৌথ উদ্যোগে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। যৌথ অভিযানে ইতিমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলেও, উদ্ধার তৎপরতা আরও দ্রুত করতে সাধারণ মানুষের বস্তুনিষ্ঠ তথ্যের প্রয়োজন রয়েছে।
খুলনা, রাজশাহী ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে অবৈধ অস্ত্রের প্রাথমিক তথ্য থাকলেও সুনির্দিষ্ট তথ্যের অভাবে অভিযান পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
আইনি ভীতির বিষয়ে আশ্বস্ত করে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, “পরিস্থিতির শিকার হয়ে কেউ যদি কোনো থানায় থাকা অস্ত্র সাথে নিয়ে থাকেন এবং পরবর্তীতে কোনো অপরাধমূলক উদ্দেশ্যে না থাকা সত্ত্বেও আইনি ভীতিতে তা ফেরত দিতে না পারেন, তবে তাদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। তথ্যদাতা সরাসরি কোনো ঝুঁকি না নিয়ে নির্দিষ্ট স্থানে অস্ত্রের অবস্থান আমাদের জানালেই চলবে। আমরা অস্ত্র উদ্ধার করে নিয়ে আসব এবং তথ্যদাতাকে আইনি কোনো ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে।”
রাজধানীর মোহাম্মদপুর অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি ধারাবাহিক কাজ। অপরাধ দমনে মোহাম্মদপুর ও সংলগ্ন এলাকায় ব্যাটালিয়নের সদস্য সংখ্যা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং সাইবার মনিটরিং নিশ্চিত করা হয়েছে। খুব দ্রুতই মোহাম্মদপুরসহ ঝূঁকিপূর্ণ এলাকাগুলো অপরাধমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





