তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (১১ অক্টোবর) তিনি ঢাকায় পৌঁছান। তাঁর এ সফরে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে।
গত ৫ অক্টোবর আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তাঁর এ নির্বাচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এ গ্রুপের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে দেশের অবস্থান আরও জোরালো করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে তানজানিয়া সফর করেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, সুলতান মাহমুদ বাবু, শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।
আইপিইউ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ ও নির্বাচিত হওয়ার ঘটনা আন্তর্জাতিক সংসদীয় পরিসরে দেশের প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এ ধরনের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের সংসদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়।





