রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল অংশ নেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার এবং অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশ, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রমের চিত্র রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন। বিশেষ করে দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন, প্রশাসনিক স্বচ্ছতা ও শিক্ষার মানোন্নয়নে গৃহীত নানা সংস্কারমূলক পদক্ষেপের অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় জেলাভিত্তিক ‘পারফর্মিং আর্টস কলেজ’ প্রতিষ্ঠা, বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের জন্য পৃথক কলেজ স্থাপনের পরিকল্পনা, দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ, তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও ইংরেজি শিক্ষায় বিশেষ জোর প্রদান, দেশব্যাপী অব্যাহত শিক্ষক প্রশিক্ষণ, কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসার এবং দেশি-বিদেশি প্রথম সারির প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা কর্মসূচির উদ্যোগসমূহ সবিস্তারে আলোচনা করা হয়। একই সাথে প্রান্তিক ও গ্রামীণ এলাকার অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়নে নেয়া পদক্ষেপগুলো চ্যান্সেলরকে জানানো হয়।
শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও মানসম্মত করতে সিলেবাস ও কারিকুলাম সংস্কারের বিষয়ে উপাচার্য অবহিত করলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা সংস্কার ও উন্নয়নমূলক কর্মপন্থাকে এগিয়ে নিতে চ্যান্সেলর হিসেবে বঙ্গভবনের পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন রাষ্ট্রপতি।





