বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।
সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক ও উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া অংশীদারিত্বের বিষয় তুলে ধরা হয়।
বৈঠকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রয়োজনীয়তা বিবেচনা করে জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার পরিধি বাড়াতে আলজেরিয়ান সরকারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
একই সাথে বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা জোরদারে আলজেরিয়া থেকে প্রয়োজনীয় সার আমদানিসহ কৃষি খাতে কৌশলগত সহযোগিতার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনায় বাণিজ্য, বহুমুখী বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, যুব ও ক্রীড়া, যৌথ সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পায়। বাংলাদেশে উৎপাদিত পরিবেশবান্ধব ও পচনশীল পাট এবং পাটজাত পণ্য আলজেরিয়ায় অধিক পরিমাণে আমদানির জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অন্যদিকে, আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে জ্বালানি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, ক্রীড়া ও সংস্কৃতির আদান-প্রদান এবং উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।





