দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী হাসপাতালে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি দুজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
নতুন করে হাসপাতালে আসা ১ হাজার ২৩৬ রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫১৩ জন, রাজশাহীতে ৩০ জন, সিলেটে ১৪৫ জন, চট্টগ্রামে ২৮৪ জন, বরিশালে ১১৪ জন, ময়মনসিংহে ৫৪ জন, খুলনায় ৭০ জন এবং রংপুরে ২৬ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। ফলে নিশ্চিত ও সন্দেহজনক—দুই ধরনের মৃত্যু মিলিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে।
এদিকে ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।
একই সময়ের হিসাবে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৫৬২ জনের।





