খালেদা জিয়ার ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন শুনানি আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন শুনানি আজ। এরইমধ্যে মামলাটি পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকার সাত নম্বরে রাখা হয়েছে।

সবদিক বিবেচনা নিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালত জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান সুপ্রিম কোর্ট প্রশাসন।

খালেদা জিয়ার আইনজীবীরা জানান, স্বাস্থ্য পরীক্ষায় গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট পাওয়া সাপেক্ষে শুনানি হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ জানিয়েছে, আপিল বিভাগের নির্দেশনা হাতে পাওয়ার পর গত মঙ্গলবার মেডিকেল বোর্ড গঠন করা হয়। তবে স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল বোর্ডের রিপোর্ট এখনো পাননি তারা।

গত ২৮ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়। ওইদিন তার জন্য মেডিকেল বোর্ড গঠন করে ৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

এদিকে এ মামলার তার জামিন শুনানিকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে আদালত প্রাঙ্গণে।

জানা গেছে, জামিন শুনানির প্রস্তুতি নেয়ার পাশাপাশি আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছেন বিএনপির আইনজীবীরা। অন্যদিকে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে প্রতিরোধ করার ঘোষণা আওয়ামী আইনজীবীদের।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, উদ্বেগ বাড়াটা স্বাভাবিক। দেশের সর্বোচ্চ আদালত একটা রিপোর্টের জন্য দিন রেখেছেন। এ রিপোর্টটা কী হবে এবং আদালত কী সিদ্ধান্ত নেবেন তার জন্য দেশবাসী অপেক্ষা করছেন। আইনজীবীরাও সেই অপেক্ষায় রয়েছেন।

তবে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এ নিয়ে উদ্বেগ নেই। আইনি লড়াইয়ে ছাড় দেয়া হবে না।

জামিন শুনানিকে ঘিরে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে প্রতিরোধ করার কথাও জানান আওয়ামীপন্থী আইনজীবীরা।

এর আগে গত ২৬ নভেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটায়। আজ আবারও তার জামিন শুনানির দিন। ফলে এ জামিন শুনানিকে ঘিরে বেড়েছে উৎকণ্ঠা।

গতকাল তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে নতুন ব্যানার টাঙিয়েছে বিএনপির আইনজীবীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।