ঈদের ছুটি কেমন কাটল তার?

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ঈদের ছুটিতে ময়মনসিংহে শ্বশুর বাড়িতে গিয়েছেন। সেখানেই স্বামী সন্তানসহ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন এই সংগীতশিল্পী। এখন আত্মীয়-স্বজনের বাড়ি দাওয়াত খেয়েই তার সময় কাটছে।

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘ময়মনসিংহে শ্বশুর বাড়িতে পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করছি। ঢাকা থেকে আমার ননদেরা এসেছেন। গতকাল নেত্রকোনা গিয়েছিলাম আত্মীয়র বাড়ি। এক এক করে আত্মীয়-স্বজনের বাড়ি গিয়ে দাওয়াত খাচ্ছি। যেহেতু তেমন সময় পাই না তাই এই সুযোগে আত্মীয়-স্বজনের বাড়ি ঘুরে বেড়াচ্ছি। আজ (সোমবার) আমার বাসায় দাওয়াত। এই কদিন অন্যদের বাড়িতে আমি গিয়েছি। আজ বেশ কজন আত্মীয়র বাসায় আসবেন।’

হাতে তেমন কোনো প্রোগ্রাম নেই ন্যানসির। ঈদে দুটি স্টেজ শো ছিল তাও বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক ঈদেই একাধিক স্টেজ শো ও টেলিভিশনে লাইভ প্রোগ্রাম থাকে। কিন্তু গুলশানের ঘটনার পর মানুষ বেশ আতংকে রয়েছে। তাই স্টেজ শোগুলো বাতিল করা হয়েছে। আর টেলিভিশন প্রোগ্রাম ইচ্ছে করেই রাখা হয়নি। এমনিতেই সময় পাই না। তাছাড়া আলিনা মারা যাওয়ার পর মনটাও ভালো নেই। তাই পরিবারের সঙ্গে নিজের মতো করে সময় কাটাচ্ছি।’

মাত্র ঈদ কেটে গেল। অ্যালবামের গানের কাজেরও তেমন চাপ নেই। আগামী মাসে অ্যালবামের গানের রেকর্ডিংয়ের জন্য ভারত যাওয়ার কথা রয়েছে বলেও জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।