সিনেমা হলের আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: প্রতিমন্ত্রী

সিনেমা হলের আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: প্রতিমন্ত্রী
সিনেমা হলের আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: প্রতিমন্ত্রী

দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, চলচ্চিত্রশিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এর অংশ হিসেবে সিনেমা হল মালিকদের সমস্যা ও দাবিগুলো জানতে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, হল মালিকদের কিছু দাবি বাস্তবায়নে সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। অন্য কিছু বিষয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমাধান করা সম্ভব। সিনেমা হল টিকিয়ে রাখতে ১ হাজার কোটি টাকা বরাদ্দের যে আলোচনা রয়েছে, সেটিও খতিয়ে দেখা হবে। এ অর্থ ছাড়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত থাকলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সিনেমা হলে দর্শক ফেরাতে মানসম্মত চলচ্চিত্রের ওপর গুরুত্ব

ইয়াসের খান চৌধুরী বলেন, মোবাইল ফোন ও হোম থিয়েটারের কারণে সিনেমা হল বিলুপ্ত হয়ে যাবে—এ ধারণার সঙ্গে তিনি একমত নন। বড় পর্দায় একসঙ্গে বসে চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা ঘরে বা মোবাইল ফোনে সিনেমা দেখার চেয়ে আলাদা। বিশ্বের বিভিন্ন দেশে নানা চ্যালেঞ্জের মধ্যেও সিনেমা হল ও সিনেপ্লেক্স সফলভাবে পরিচালিত হচ্ছে। তাই বাংলাদেশের সিনেমা হলগুলো কেন টিকে থাকতে পারছে না, তা পর্যালোচনা করা প্রয়োজন।

তিনি বলেন, সিনেমা হলের দর্শক বাড়াতে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিকল্প নেই। শুধু বিদেশি সিনেমা আমদানির ওপর নির্ভর না করে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে চলচ্চিত্র আমদানি ও প্রদর্শনের সিদ্ধান্ত নিতে হবে। বিদেশি চলচ্চিত্র আমদানির অনুমতির বিষয়ে সরকার ইতিবাচক থাকবে। তবে আমদানি-রপ্তানির মাধ্যমে দেশের রাজস্ব আয় এবং জনগণের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, সেটিও বিবেচনা করা হবে।

দেশীয় চলচ্চিত্র বিদেশে প্রদর্শন ও রপ্তানির মাধ্যমে রাজস্ব আয়ের সম্ভাবনাও কাজে লাগানোর কথা জানান প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে রপ্তানি থেকে অর্জিত অর্থ দেশের জনগণ ও অর্থনীতির কতটা উপকারে আসছে, তা খতিয়ে দেখা হবে।

সিনেমা হল আধুনিকায়নে অর্থায়ন ও ই-টিকেটিং

সিনেমা হলের দর্শকসংকটের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অনেক হলে পর্যাপ্ত দর্শক পাওয়া যাচ্ছে না। কোনো কোনো সিঙ্গেল স্ক্রিনে আসনসংখ্যার তুলনায় দর্শকের উপস্থিতি খুবই কম। এ পরিস্থিতি পরিবর্তনে হল মালিক, প্রযোজক ও পরিচালকদের যৌথভাবে কাজ করতে হবে। দর্শকের চাহিদা অনুযায়ী মানসম্মত চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের উদ্যোগ নেওয়া হলে সংশ্লিষ্ট সব পক্ষই উপকৃত হবে।

তিনি জানান, সিনেমা হলের আধুনিকায়নে অর্থ ছাড়ের বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করা হবে। বরাদ্দের অর্থ শুধু সিনেপ্লেক্সের জন্য নয়, প্রচলিত সিনেমা হলগুলোর উন্নয়নেও কীভাবে ব্যবহার করা যায়, তা বিবেচনা করা প্রয়োজন।

সিনেমা হলে ই-টিকেটিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আধুনিক টিকেটিং ব্যবস্থা চালু হলে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি হল মালিকদের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আসতে পারে। এ ব্যবস্থা বাস্তবায়নে হল মালিকদেরও সহযোগিতা করতে হবে।

চলচ্চিত্রে নতুন প্রতিভা তৈরিতে প্রশিক্ষণ কর্মসূচি

চলচ্চিত্রে দক্ষ শিল্পী তৈরির ওপর গুরুত্বারোপ করে ইয়াসের খান চৌধুরী বলেন, অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। বিএফডিসির মাধ্যমে ‘প্রতিভার সন্ধানে’ কর্মসূচি চালু করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে নতুন প্রতিভাবান শিল্পী উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দকে তাঁদের দাবি ও প্রস্তাব লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবগুলো পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়া হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক শরফুদ্দীন এলাহী চৌধুরীসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা দেশের সিনেমা হলগুলোর সংকট, আধুনিকায়ন, অর্থায়ন, চলচ্চিত্র আমদানি-রপ্তানি এবং দর্শক বাড়ানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।