মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশের পর সেটিকে ‘এআই-জেনারেটেড’ বা কারসাজি করা ছবি হিসেবে প্রচারের অভিযোগ উঠেছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হোয়াইট হাউস থেকে পাঠানো মূল ছবিকে প্রশ্নবিদ্ধ করতে একটি সম্পাদিত বা এআই-নির্মিত ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রিসেপশনের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানো হয়। পরে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, ছবিটি প্রকাশের পর একটি পক্ষ সেটিকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার শুরু করে। মূল ছবিটিকে মিথ্যা বা কৃত্রিম প্রমাণের উদ্দেশ্যে এর সঙ্গে অন্য একটি এআই-নির্মিত ছবি যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রচারিত এআই-নির্মিত ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউটের মতো দেখানো হয়েছে। পরে ওই ছবিকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকেও মিথ্যা বা কারসাজি করা বলে দাবি করার চেষ্টা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং আরও দাবি করেছে, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই করা হয়। প্রতিবেদনে ছবিটিকে এআই-নির্মিত ও ম্যানিপুলেটেড বলে উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়।
প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, যে ছবিকে সংশ্লিষ্ট অনুসন্ধানী প্রতিবেদনে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেটিকেই এখন ব্যবহার করে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং জনগণকে বিভ্রান্তিকর তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি শেয়ার করার আগে এর উৎস ও সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে।





