বিভিন্ন আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অসত্য তথ্য দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। পরের বছরের শুরুতে তিনি পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই ধারাবাহিকতায় সায়মা ওয়াজেদের বিরুদ্ধেও জালিয়াতি ও প্রতারণার অভিযোগ ওঠে।
আরও পড়ুনঃ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ শেষ হবে না, দাবি ট্রাম্পের
২০২৫ সালের মার্চে দুদক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। একই বছরের জুলাইয়ে তাকে প্রথমবার প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। পরবর্তী সময়ে তাকে বেতনহীন ছুটিতে রাখে ডব্লিউএইচও।
রয়টার্সের হাতে আসা ৩ জুলাই ২০২৬ তারিখের একটি চিঠি অনুযায়ী, ডব্লিউএইচও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তোলে। তবে সায়মা ওয়াজেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুনঃ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
পদত্যাগপত্রে ডব্লিউএইচওর নেতৃত্বের প্রতি আস্থার সংকটের কথা উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, দায়িত্ব কার্যকরভাবে পালনের ক্ষেত্রে তাকে বাধাগ্রস্ত করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন।
ডব্লিউএইচও সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছিল। আগামী ১২ অক্টোবর নতুন আঞ্চলিক পরিচালকের জন্য মনোনয়ন ঘোষণা হতে পারে। প্রার্থীদের যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সায়মা ওয়াজেদের পদত্যাগের মধ্য দিয়ে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নেতৃত্বে পরিবর্তনের প্রক্রিয়া আরও এগিয়ে গেল।



