বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেশের ৬৪ জেলায় তরুণদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে। দুই মাসের এই প্রশিক্ষণে অংশ নিতে কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের যাতায়াত ভাতা ও খাবারের ব্যবস্থাও থাকবে।
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কারা আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও নারী এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন।
প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণের সময়সূচি
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন শেষে বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
- লিখিত পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর
- মৌখিক পরীক্ষা: ২৭ সেপ্টেম্বর
- চূড়ান্ত ফল প্রকাশ: ২৯ সেপ্টেম্বর
- প্রশিক্ষণ শুরু: ১ অক্টোবর
- প্রশিক্ষণ শেষ: ৩০ নভেম্বর
পরীক্ষার কেন্দ্র ও সময় সম্পর্কে আবেদনকারীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।
চার প্যাকেজে প্রশিক্ষণ কার্যক্রম
দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলার তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সংশ্লিষ্ট প্রযুক্তি বিষয়ে প্রাথমিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।
বর্তমান প্রযুক্তিনির্ভর কর্মবাজারে এআই, কম্পিউটার ও আইসিটি বিষয়ে দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। ফলে বিনামূল্যের এ ধরনের প্রশিক্ষণ তরুণদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হতে পারে।


