শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর ৩৩টি নির্ধারিত পয়েন্টে ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রাজধানীর পলাশী মোড়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ।
তিনি জানান, এবার ঢাকা মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে ওয়াইজঘাট এলাকায়।
মো. শহীদুল্লাহ বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। এরপর সেখানে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রতিমাগুলো এরই মধ্যে নির্ধারিত স্থানে নেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ডিএমপির ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), এসআরইউ, সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, ঢাকায় এবার সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো স্থানে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিমা বিসর্জনের বাকি কার্যক্রমও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে মো. শহীদুল্লাহ বলেন, সবাই যেন উৎসাহ ও আনন্দের সঙ্গে পূজার কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করেন। প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার সমাপ্তি পর্যন্ত নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন।





