শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীর আনন্দে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নিয়েছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বুধবার সকালে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে অন্য ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি।
দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে। পরে দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ করেন ভক্তরা। এরপর একে অপরের কপাল ও মুখে সিঁদুর-আবির মাখিয়ে বিজয়ার আনন্দে মেতে ওঠেন তারা।
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে এ সময় মুখর হয়ে ওঠে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ। বন্ধুদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন শাওনও।
দুর্গাপূজার আনন্দে অংশ নেওয়ার কারণ জানিয়ে শাওন বলেন, তাদের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। ঈদের সময় তার বন্ধুরা যেমন তার বাড়িতে এসে আনন্দ ভাগ করে নেন, তেমনি দুর্গাপূজার আনন্দেও বন্ধুদের সঙ্গে অংশ নিতে তিনি ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন।
সিঁদুর খেলার সময় উৎসবে অংশ নেওয়া নারীরা একে অপরকে সিঁদুর ও আবির দিয়ে সাজিয়ে দেন। হাসি-আনন্দে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও দেবী দুর্গার বিদায়ের কারণে ভক্তদের মধ্যে ছিল আবেগ ও বিষাদের আবহ।
বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হওয়ার আয়োজন করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা ওই শোভাযাত্রায় যুক্ত হওয়ার পর ঢাকার ১১টি ঘাটে বিসর্জন দেওয়ার কথা রয়েছে।





