বলিউড ও মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) মহারাষ্ট্রের পুনের উপকণ্ঠে তার খামারবাড়িতে অনুষ্ঠিত হবে। শেষকৃত্যে তাকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।
নানা পাটেকরের সামাজিক সংগঠন নাম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান এই অভিনেতা। তার মরদেহ গোয়া থেকে পুনেতে নিয়ে যাওয়া হবে।
নাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গণেশ থোরাট জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নানা পাটেকরের মরদেহ পুনেতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।
পুনে শহরের উপকণ্ঠের দোঞ্জে এলাকায় নিজের খামারবাড়িতেই নানা পাটেকরের শেষকৃত্যের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
গণেশ থোরাট আরও বলেন, রাষ্ট্রীয় সম্মানের সঙ্গেই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
এর আগে মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার জানিয়েছিলেন, নানা পাটেকরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে। মারাঠি নাট্যাঙ্গন এবং মারাঠি ও হিন্দি সিনেমায় তার দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নানা পাটেকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আশিস শেলার বলেন, তার প্রয়াণ শিল্পজগতের জন্য অপূরণীয় ক্ষতি। মহারাষ্ট্রের ইয়েওলার সাধারণ পরিবেশ থেকে উঠে এসে প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নানা পাটেকর মারাঠি থিয়েটারের পাশাপাশি মারাঠি ও হিন্দি সিনেমায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।
অভিনেতার মৃত্যুতে মহারাষ্ট্র সরকার ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানানো হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস





