জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – খাদ্যমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – খাদ্যমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সেবা করাই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিজেদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বে জড়ালে জনগণ, দল ও এলাকার ক্ষতি হবে। তাই সবাইকে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মনোভাব নিয়ে কাজ করতে হবে।

আজ মানিকগঞ্জ জেলার সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দেশের বিভিন্ন জেলা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিচ্ছেন। একইসাথে তিনি জনপ্রতিনিধিদের নিজ নিজ জেলায় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেওয়া, তাঁদের কোনো সমস্যা রয়েছে কি না তা চিহ্নিত করা এবং সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জের মানুষের ভালোবাসা ও নেতাকর্মীদের সহযোগিতায় তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। জনগণের এই আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ। দেশকে ভালোবাসি বলেই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে।

মানিকগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে খাদ্যমন্ত্রী বলেন, এ জেলার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির সম্পর্ক অত্যন্ত চমৎকার। বিভিন্ন পূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা এই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির বন্ধন ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সামনে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। একইসাথে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও উন্নয়নসংক্রান্ত নানা দাবি তুলে ধরা হয়। খাদ্যমন্ত্রী দাবিগুলোর সাথে একমত পোষণ করে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।