আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আফগানিস্তান থেকে পাঠানো আটটি বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করা নিষিদ্ধ তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) একটি দলকেও প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী তোরখাম এলাকায় চারটি এবং কোহাট জেলায় আরও চারটি ড্রোন পাঠানো হয়। পাকিস্তানের দাবি, এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ড্রোনগুলো ধ্বংস করা হয়।

সামরিক সূত্র আরও জানায়, ড্রোন হামলার পাশাপাশি টিটিপির একটি দল খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। পাকিস্তানি সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন।

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আফগান বাহিনী কোনো ধরনের উসকানি ছাড়াই সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পাকিস্তানের সামরিক চৌকি লক্ষ্য করে গুলি ও গোলাবর্ষণ শুরু করে।

এর জবাবে পাকিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের কয়েকটি সীমান্তচৌকি, মর্টার অবস্থান এবং প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে বলে সামরিক সূত্র জানিয়েছে।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টিটিপিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর দুই দেশের সম্পর্কে এ নিয়ে আরও টানাপোড়েন তৈরি হয়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

টিটিপি ইস্যুতে দুই দেশের কর্মকর্তা ও মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। এর মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি হামলা ও সামরিক উত্তেজনার ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বিভিন্ন সময়ে সামরিক অভিযান ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। কয়েক মাস তুলনামূলক স্থিতাবস্থা থাকার পর নতুন করে সীমান্তে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

 

সূত্র: জিও টিভি

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।