১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শন করতে হবে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জানিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের অংশে ২০০ মিলিমিটার লম্বা ও ১০০ মিলিমিটার চওড়া নম্বরপ্লেট লাগাতে হবে। প্লেটে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা ন্যূনতম ২০ মিলিমিটার রাখতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের ওপর বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা, অলংকরণ বা শোভা বর্ধনের সুযোগ থাকবে না।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের জন্য সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এখানেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোটরসাইকেলের নিবন্ধন নম্বরের একটি অনুলিপি সামনের অংশে প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বর উল্লেখ করেছে বিআরটিএ।

নির্ধারিত মাপ, উপকরণ ও নকশা অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব মোটরসাইকেলে সামনের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা করতে মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।