চীনকে ঘনিষ্ঠ মিত্র মনে করে বাংলাদেশ: মঈন খান

চীনকে ঘনিষ্ঠ মিত্র মনে করে বাংলাদেশ: মঈন খান
চীনকে ঘনিষ্ঠ মিত্র মনে করে বাংলাদেশ: মঈন খান

বাংলাদেশ চীনকে অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকায় চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক শুধু বাণিজ্য ও বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। অবকাঠামো, জ্বালানি, শিল্প ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে।

তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৃহৎ পরিসরে ডিজিটালাইজেশনের মতো ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশ। একই সঙ্গে সরকার-টু-সরকার সহযোগিতার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, গত এক দশকে দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সফর ও মতবিনিময়ের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প ও চুক্তির পথ তৈরি হয়েছে। এসব উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখছে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের নতুন সরকারকে চীন সমর্থন করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি যেকোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপের বিরোধিতা করে চীন।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক ‘চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’-এ উন্নীত হয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, বর্তমানে চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে। দুই দেশের বন্ধুত্ব উভয় দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কোনো বাধাই এ সম্পর্কের অগ্রযাত্রা থামাতে পারবে না।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।