শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী
শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে দেড় মাস আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিরসনে গৃহীত রূপরেখা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে আয়োজিত তিন ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, “দেশে সম্প্রতি দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে কারিগরি দুর্ঘটনার কারণে শিল্পসহ বিভিন্ন খাতে সরবরাহ বিঘ্নিত হয়েছিল। তবে সে সমস্যা ইতোমধ্যেই সমাধান করা হয়েছে। আমরা আশা করছি, মঙ্গলবার সন্ধ্যা থেকেই গ্যাসের সরবরাহ আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে।”

গ্যাস সংকট মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান জানান, জিটুজি (সরকার টু সরকার) ভিত্তিতে তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যা ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে ‘উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “একটি ভেঙে পড়া ব্যবস্থা ৬ মাস বা ১ বছরে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার নির্দিষ্ট সময়সীমা ধরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য ধরা হয়েছে, তা অর্জনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে।”

দেশজুড়ে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, কোনো ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা সৃষ্টি না করে সরকারকে তার পরিকল্পিত কাজগুলো শেষ করার সময় ও সুযোগ দেওয়া উচিত।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি বিশদ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহদী আমিন, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ-সহ শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।