পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বিজিবিএ নেতাদের বৈঠক: পোশাকের নতুন বাজার অনুসন্ধানে জোর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বিজিবিএ নেতাদের বৈঠক: পোশাকের নতুন বাজার অনুসন্ধানে জোর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বিজিবিএ নেতাদের বৈঠক: পোশাকের নতুন বাজার অনুসন্ধানে জোর

তৈরি পোশাক খাতের বৈশ্বিক সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা করেছেন বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর নেতারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবিএ নেতৃবৃন্দ আন্তর্জাতিক ক্রেতা এবং স্থানীয় প্রস্তুতকারকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে তাদের কার্যক্রমের চিত্র প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। বিশেষ করে ইউরোপের বলকান রাষ্ট্রসমূহ, পোল্যান্ড এবং রোমানিয়ার মতো উদীয়মান বাজারগুলোতে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন তারা।

আলোচনায় পণ্যের বৈচিত্র্যকরণ, নতুন বিপণন চ্যানেল তৈরি, সদস্য ও আন্তর্জাতিক বিজিবিএ ক্রেতাদের জন্য দ্রুত ভিসা সহায়তা নিশ্চিতকরণ, বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর বাণিজ্যিক উইং বা কাউন্সিলরদের আরও কার্যকর ভূমিকা রাখা এবং আঞ্চলিক বাণিজ্যসংক্রান্ত বাধাগুলো দূর করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ব্যবসায়ী নেতাদের কাঙ্ক্ষিত ও সম্ভাবনাময় দেশগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার আহ্বান জানান। একই সাথে বিদেশি বাজারগুলোতে যেন ব্যবসায়ীরা সঠিক সময়ে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন, সে জন্য বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলোর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দেন তিনি।

ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় বিনিয়োগ সুরক্ষায় সরকার প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক সহায়তা প্রদান করবে বলেও প্রতিশ্রুতি দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।