ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন করলেন মার্কিন রাষ্ট্রদূত

তৈরি পোশাক ও ফুটওয়্যার শিল্পের ব্র্যান্ডিং সামগ্রী ও অ্যাকসেসরিজ সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়াতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) প্যাক্সার বাংলাদেশ লিমিটেডের একটি অত্যাধুনিক ‘স্মার্ট ওয়্যারহাউজ’ চালু করা হয়েছে। এভারি ডেনিসনের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির নতুন সংযোজনটি সোমবার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল এবং বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উদ্বোধনী বক্তব্যে বলেন, “বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উৎপাদনশীলতা ও সরবরাহ ব্যবস্থার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রযুক্তিগত উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, এই উদ্যোগটি বাংলাদেশের শিল্পখাতে স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও স্বয়ংক্রিয় সরবরাহ ব্যবস্থাপনার একটি অনন্য উদাহরণ। একই সঙ্গে তিনি দ্রুত কার্যক্রমে আসতে যাওয়া পটুয়াখালী ও যশোর ইপিজেডে মার্কিন বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।

উদ্বোধনের আগে মার্কিন রাষ্ট্রদূত বেপজার জোন কার্যালয়ে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন এবং বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্যাক্সার বাংলাদেশের ৮৩০ বর্গমিটার আয়তনের এই স্মার্ট ওয়্যারহাউজে একসাথে প্রায় ২৫ হাজার কার্টন পণ্য সংরক্ষণ করা যাবে। স্বয়ংক্রিয় ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিচালিত এই ওয়্যারহাউজ থেকে দেশি-বিদেশি ক্রেতারা আরও দ্রুত ও নির্ভুলভাবে পণ্য সেবা পাবেন।

২০০৩ সাল থেকে ঢাকা ইপিজেডে কর্মরত মার্কিন এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যেখানে প্রায় দেড় হাজার বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।