ময়মনসিংহের ভালুকায় চুল কাটার পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জামিরদিয়ার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র মনিঋষি ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম রঞ্জিত মনিঋষি। তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানে নিজের সেলুন পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম (২৬) নামে এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে রবীন্দ্রের বুকে ও গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি প্রাণ বাঁচাতে সেলুন থেকে বের হয়ে আশপাশের এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, সেলুনে ঢুকে রবীন্দ্রকে প্রথমে ছুরিকাঘাত করেন সাদ্দাম। হামলার পর রবীন্দ্র দৌড়ে সাদ্দামের বাবার মুদিদোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানেও তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
এরপর রবীন্দ্র পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানেও তাকে ছুরিকাঘাত করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্ত্রী সূচিত্রা রানী ঋষির অভিযোগ, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা চাইতেন। এ ছাড়া সেলুনে চুল কাটার পরও অনেক সময় টাকা পরিশোধ করতেন না। এর আগে রবীন্দ্রকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবীন্দ্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জামিরদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ওসি জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





