দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটে চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সারাদেশে ১ হাজার ৭৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন ৮ জনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে, যেখানে ৬০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে মারা যান।
অধিদপ্তর জানায়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭৩৩ জনকে নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে। তবে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৮২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৩৭৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৭০১ জন)। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৯১ জন করে, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন এবং রাজশাহী বিভাগে ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন।





