বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের কার্যালয়ে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় অবস্থিত মালদ্বীপ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সাক্ষাতের কথা নিশ্চিত করেছে।
বৈঠককালে তারা বাংলাদেশ ও মালদ্বীপের পারস্পরিক অগ্রাধিকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। আলোচনার প্রধান বিষয় ছিল দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।
এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহায়তা সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্য এবং যৌথ উদ্যোগ জোরদার করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





