বিমান নিজস্ব আয় থেকে উড়োজাহাজের দাম পরিশোধ করবে, সরকার শুধু গ্যারান্টর: বিমানমন্ত্রী

বিমান নিজস্ব আয় থেকে উড়োজাহাজের দাম পরিশোধ করবে, সরকার শুধু গ্যারান্টর: বিমানমন্ত্রী
বিমান নিজস্ব আয় থেকে উড়োজাহাজের দাম পরিশোধ করবে, সরকার শুধু গ্যারান্টর: বিমানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ কেনার অর্থ সরকার সরাসরি পরিশোধ করবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি নিজস্ব আয় থেকেই ধাপে ধাপে উড়োজাহাজ কেনার অর্থ পরিশোধ করবে, আর সরকার শুধু গ্যারান্টরের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

সভায় বিমানমন্ত্রী বলেন, গত ২০ বছরে ধারাবাহিক জবাবদিহিতার অভাবে পরিকল্পনাহীনভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে বর্তমান সরকার সব ধরনের ক্রয় প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন ও উড়োজাহাজ কেনার পরিকল্পনা প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, রাষ্ট্রীয় এ বিমান সংস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত সময়োপযোগী। এখনই ক্রয়চুক্তি সম্পন্ন না হলে আগামী কয়েক বছরে বিমান উড়োজাহাজ সংকটে পড়তে পারে।

তিনি জানান, নতুন উড়োজাহাজ কেনার পর সেগুলো বহরে যুক্ত হতে প্রায় ১০ বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে বর্তমান বহরের উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে গ্রাউন্ডেড বা চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। এ কারণে ভবিষ্যতের চাহিদা বিবেচনায় এখনই ক্রয় প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।

বিগত সরকারের সময়কার অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে যেসব অপ্রয়োজনীয় কেনাকাটা হয়েছে, সেগুলোর যথাযথ তদন্ত করা হবে। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এ ধরনের বিমানবন্দর নির্মাণে প্রায় ২ হাজার একর জমির প্রয়োজন হবে। ওয়াইড বডি উড়োজাহাজ ওঠানামার উপযোগী রানওয়ে তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নিতে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।