ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য মরহুম মশিউর রহমান ও মরহুম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কালীগঞ্জ শহরের ফয়লা রোডে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবর রহমান মিনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন কোনো লেখা বা মন্তব্য করা যাবে না, যাতে দলের ঐক্য নষ্ট হয়। বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অটুট রাখতে হবে। দলের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, শাজাহান শেখ, জুমারত আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
আলোচনা সভা শেষে মরহুম দুই নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পৌর কৃষক দলের আহ্বায়ক ফোরকান আলী।





