“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১ নভেম্বর ২০২৬ (রোববার) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য জননেতা ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিনুল হক, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন, মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক এবং মান্দা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ। এছাড়াও মান্দা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. ইকরামুল বারী টিপু যুবসমাজকে উদ্দীপ্ত করে বলেন, “যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে শুধু ঘরে বসে থাকলে হবে না; প্রশিক্ষণকে বাস্তবে রূপ দিতে অবশ্যই আত্মকর্মসংস্থানের জন্য কাজ করতে হবে এবং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
জেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে সবার সামনে তুলে ধরতে হবে। এমন উদ্যোক্তা হতে হবে, যার অধীনে আরও বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তবেই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গ্রহণ করা প্রশিক্ষণের সার্থকতা আসবে। সরকার যুবসমাজ ও যুব মহিলাদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যার মাধ্যমে সমাজের কর্মহীন মানুষের সংখ্যা একেবারে কমিয়ে আনা সম্ভব।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন বলেন, “প্রশিক্ষণ গ্রহণ করে তা শুধু খাতায় সীমাবদ্ধ রাখলে চলবে না, কর্মজীবনে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। শুধু প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আসলেন আর গেলেন—এতে প্রশিক্ষণ নেওয়া বৃথা।
অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণ যদি আপনারা কাজে লাগাতে না পারেন, তবে তা কোনো উপকারে আসবে না। তাই প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজের মাধ্যমে রূপদান করাই আমাদের যুব সমাজের প্রধান দায়িত্ব, যার মাধ্যমে প্রত্যেকে নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।”
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সফল যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।





