ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ খাতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি করে কেউ পার পাওয়ার সুযোগ পাবে না।
রোববার (১ নভেম্বর) সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির মসজিদসংলগ্ন মাঠে ১৪২তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৬-২৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে কর্মকর্তা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতিবিরোধী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর সেবার অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের যেকোনো দুর্নীতির অভিযোগ পর্যবেক্ষণে আধুনিক ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে। এই ব্যবস্থায় পাওয়া অভিযোগের সত্যতা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নাগরিকদের স্মার্ট ও হয়রানিমুক্ত ভূমিসেবা দিতে ই-নামজারি, ডিজিটাল ভূমি উন্নয়ন কর, অনলাইনে খতিয়ান ও মানচিত্র সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমে ডিজিটালাইজেশন এবং স্বচ্ছতা বাড়ানো হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণ কর্মকর্তাদের উদ্দেশে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, রাষ্ট্র পরিচালনায় কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভূমি প্রশাসন ও বিচারিক সেবায় তাঁদের দক্ষতা, মেধা এবং সততার ওপর সাধারণ মানুষের আস্থা নির্ভরশীল। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও ন্যায়ভিত্তিক প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতার অপব্যবহার না করে জনগণের সেবা করাই কর্মকর্তাদের মূলনীতি হওয়া উচিত।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে ৫১ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে জুডিশিয়াল, প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডারের মোট ৫৯ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক সায়মা ইউনুস।





