বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও ঢাকার মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লীনা খান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে ইপিজেডভুক্ত শিল্পকারখানাগুলোতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উচ্চ শ্রমমান নিশ্চিত করা এবং শ্রম অধিকার সুরক্ষার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
মার্কিন দূতাবাস জানায়, কর্মপরিবেশের উন্নয়ন ও উচ্চ শ্রমমান বজায় রাখা দুই দেশের শ্রমিক, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সার্বিক দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে। ইপিজেডের অভ্যন্তরীণ শিল্পকারখানাগুলোর আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়েও বৈঠকে আলোকপাত করা হয়।





