সীমিত সম্পদের সঠিক ব্যবহারে আইইডিসিআর দৃষ্টান্ত হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সীমিত সম্পদের সঠিক ব্যবহারে আইইডিসিআর দৃষ্টান্ত হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সীমিত সম্পদের সঠিক ব্যবহারে আইইডিসিআর দৃষ্টান্ত হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সীমিত সম্পদ কার্যকরভাবে কাজে লাগিয়ে জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) একটি উদাহরণ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে আইইডিসিআর অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ এফইটিপি কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মাঠপর্যায়ের রোগতত্ত্ব চর্চা জোরদারকরণ’ প্রতিপাদ্যে সম্মেলনটির আয়োজন করে আইইডিসিআর ও ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম, বাংলাদেশ (এফইটিপি-বি)। এতে সহযোগিতা করছে সেফটিনেট, এমফনেট, ইউনিসেফ ও ইউএস সিডিসি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে আইইডিসিআর দীর্ঘদিন ধরে দেশের এপিডেমিওলজিক্যাল জনবল তৈরির পাশাপাশি তাদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করছে। এর মধ্যে ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি) একটি সফল উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষিত অনেকে দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখছেন।

তরুণ গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা জরুরি। দেশে অনেক মানসম্মত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের অভাবে বিদ্যমান সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এ ক্ষেত্রে আইইডিসিআর অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে উপস্থাপিত বৈজ্ঞানিক পোস্টার ও গবেষণাপত্রের প্রশংসা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, উপস্থাপিত গবেষণাগুলো আন্তর্জাতিক মানের এবং বাংলাদেশের বাস্তব সমস্যা ও বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকিকে গুরুত্ব দিয়ে পরিচালিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক ড. কাজী আহমেদ জাকির। এ সময় সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ড. এস এম বাকী বিল্লাহসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।