বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে আয়োজিত তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শন শেষে তিনি মেলার বইয়ে স্বাক্ষর করেন।
মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নিয়েছে।
এর আগে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়কও উন্মোচন করেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের সব মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পরিকল্পিত ও টেকসই নগরায়ণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।





