সমাজে পচন ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় দীর্ঘদিন ধরে চলছে এবং এর নানা লক্ষণ এখন দৃশ্যমান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সচেতন সব নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কুমিল্লায় ১৩ বছর বয়সী অপ্রতীম হত্যার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এতে পুরো দেশ মর্মাহত। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী মামলার কার্যক্রম এগিয়ে চলছে।
তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের বয়স নিহত কিশোরের চেয়ে আনুমানিক পাঁচ থেকে ১০ বছর বেশি। তাদের আচরণ অনেকটা কিশোর অপরাধীদের মতো। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু আলামতও পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে।
পুলিশের তৎপরতার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর দ্রুততম সময়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মামলার ফরেনসিক বিশ্লেষণের কাজ চলছে।
তিনি আশা প্রকাশ করেন, রামিসা হত্যাকাণ্ডের মতো কুমিল্লার অপ্রতীম হত্যা মামলার বিচারও দ্রুত সম্পন্ন হবে। বিচার বিভাগ মামলাটিকে একই ধরনের গুরুত্ব দিয়ে দেখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অপরাধের কারণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধের পেছনে অনেক সময় মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক ও মোটিভেশনাল কার্যক্রম বাড়াতে হবে। শিশু-কিশোরদের সঠিকভাবে গড়ে তুলতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে। এর বিভিন্ন লক্ষণও এখন দেখা যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে শুধু সরকারের নয়, সমাজের সব সচেতন নাগরিকেরও দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর তার বিচার হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। বর্তমান দায়িত্ব গ্রহণের পর জঘন্য অপরাধগুলোর দ্রুততম সময়ে রহস্য উদঘাটনের চেষ্টা করা হয়েছে। যেসব মামলার তদন্তে বেশি সময় প্রয়োজন হচ্ছে, সেগুলোর কার্যক্রমও চলমান রয়েছে।





