ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচন বা তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে কর্মসূচিটির কার্যক্রম এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য পরিবার বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তথ্য সংগ্রহে সরকারিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক পরিস্থিতির তথ্য নেবেন। পরে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হবে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তাকে টাকা দেওয়া যাবে না। এমন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের তদবিরেরও প্রয়োজন নেই।
তথ্য সংগ্রহের সময় কোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষভাবে নজর রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কর্মসূচির সুবিধাভোগীরা প্রতি মাসে সরকারের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা করে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে পাবেন।
এই অর্থ নারীরা চিকিৎসা ব্যয়, ছোট ব্যবসা পরিচালনা ও পারিবারিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা প্রকৃতভাবে দরিদ্র ও যোগ্য পরিবারগুলোর কাছে পৌঁছে দিতে তথ্য সংগ্রহ থেকে শুরু করে উপকারভোগী নির্বাচন পর্যন্ত প্রতিটি ধাপে সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখা হবে।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল এবং পৌর বিএনপির সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





